রাজশাহী-৬ আসনে বিএনপির ৪ নেতা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
- আপডেট সময় : ০৬:২১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ৫৬৪ বার পড়া হয়েছে
বাঘা প্রতিনিধি: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চার নেতা। তারা সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ফরম না জমা দেওয়ার মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
মনোনয়ন ফরম সংগ্রহ করলেও দাখিল করেননি জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত এবং আমেরিকা প্রবাসী আমিরুল ইসলাম মিঠু।
জানা গেছে, তারা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পরে ফেসবুক লাইভে এসে ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আনোয়ার হোসেন উজ্জল বলেন, “মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম, কিন্তু জমা দিইনি। রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সম্মান অটুট রাখতে নিজ দায়িত্বে সরে দাঁড়িয়েছি। ব্যক্তি নয়, ধানের শীষের বিজয়ই আমাদের লক্ষ্য।”
অন্যদিকে, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন জানান, “বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মনোনয়নপত্র জমা দিইনি।”
এ আসনে এখন পর্যন্ত ধানের শীষের প্রার্থী হিসেবে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। এছাড়া অধ্যক্ষ নাজমুল হক (জামায়াতে ইসলামী), ইকবাল হোসেন (জাতীয় পার্টি) ও আবদুস সালাম সুরুজ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মনোনয়নপত্র দাখিল করেছেন।
বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন।










