রাজশাহীতে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ
- আপডেট সময় : ০৯:৪১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ৫৯৬ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী নিজ নিজ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। এতে জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারা, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।

প্রতীক বরাদ্দের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচন আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। পরে ব্যানার-ফেস্টুন টাঙানো, সভা-সমাবেশ ও মিছিল সংক্রান্ত বিধিনিষেধসহ বিভিন্ন বিষয়ে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনে ২৬ জন দলীয় প্রার্থী নিজ নিজ দলীয় প্রতীক পেয়েছেন। পাশাপাশি দুটি আসনের তিনজন স্বতন্ত্র প্রার্থী তাদের পছন্দের প্রতীক বরাদ্দ লাভ করেন।

রাজশাহী-২ (সদর) আসনে স্বতন্ত্র তরুণ প্রার্থী সালেহ আহমেদ পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক পেয়েছেন ঘোড়া প্রতীক। একই আসনে যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি ও বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম পেয়েছেন ফুটবল প্রতীক।
এদিকে প্রতীক বরাদ্দ চলাকালে রাজশাহী-৪ (বাগমারা), রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) ও রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের প্রতিবাদ জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জেলা এনসিপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু এ প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন।
প্রতিবাদ শেষে তিনি জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তিনি জাতীয় পার্টিকে “ফ্যাসিবাদের দোসর” আখ্যা দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণ রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রার্থীরা আগামীকাল (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।










