শেরপুরে নির্বাচনী সভায় সংঘর্ষ: নিহত জামায়াত নেতা, আহত অনেক
- আপডেট সময় : ০৭:০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৫১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে মাওলানা রেজাউল করিম (৪৫) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বসার জায়গা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং শ্রীবরদীর ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, শেরপুর–৩ আসনের প্রার্থীদের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে থাকেন। সভায় সামনের সারির আসন নিয়ে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সভামঞ্চের সামনে থাকা শতাধিক চেয়ার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মাওলানা রেজাউল করিমকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁর অবস্থার অবনতি হয়। পরে শেরপুর সদর হাসপাতাল হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল তাঁর ফেসবুক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লেখেন, “ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের হামলায় আমাদের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম শহিদ হয়েছেন। এ ঘটনায় আমাদের ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।”










