শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত: ঝিনাইগাতীতে উত্তেজনা বিরাজ
- আপডেট সময় : ০৮:৪৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৫১০ বার পড়া হয়েছে
শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ও আতঙ্ক। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। রাস্তাঘাটে জনসমাগম কমে গেছে, দোকানপাট আংশিকভাবে বন্ধ এবং যান চলাচলও সীমিত হয়ে পড়েছে।
জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ সকাল ১০টার দিকে নিহত রেজাউল করিমের মরদেহের ময়নাতদন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
ঘটনাটিকে কেন্দ্র করে শুধু শেরপুর নয়, সারা দেশের জামায়াত ঘনিষ্ঠ সংগঠনগুলোর মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের বিচার দাবিতে বুধবার রাতেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জামালপুর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহীদ আবু সাঈদ চত্বর ঘুরে ফের মূল ফটকে এসে শেষ হয়। মিছিলকারীরা “হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই” শ্লোগান দিতে থাকেন।
অন্যদিকে জামালপুরের সকালবাজার এলাকা থেকে একটি মিছিল বের হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রেজাউল করিম হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।











