রাজশাহীতে বিএনপি–৪ জামায়াত ২ জনগণের ভালোবাসায় সিক্ত মিলন
- আপডেট সময় : ১১:৫৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫১২ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা এবং বাকি দুটি আসনে জামায়াতে ইসলামের প্রার্থীরা বিজয় অর্জন করেছেন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।

বিজয়ের পরদিন শুক্রবার সকাল থেকে নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ ও দলীয় নেতা–কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য। দিনভর মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। পথে পথে সমর্থকরা ফুল ছিটিয়ে ও মালা পরিয়ে তাকে বরণ করে নেন।
এ সময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিলন বলেন, “সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়ের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ। তাই এ ঐতিহাসিক জয় মূলত জনগণেরই জয়।”
তিনি এ বিজয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করেন। পাশাপাশি তিনি বলেন, এটি কোনো ব্যক্তিগত সাফল্য নয়; বরং মানুষের কল্যাণে কাজ করার একটি বৃহৎ দায়িত্ব ও সুযোগ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায়, একটি জানাজায় অংশগ্রহণ এবং পরবর্তীতে পিতা–মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা–কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
রাজশাহীর অন্য আসনগুলোর ফলাফলে দেখা যায়—রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরীফ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট।
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিএনপি প্রার্থী ডি. এম. ডি. জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট।
রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।
রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াত প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
রাজশাহীর ছয়টি আসনের এই ফলাফল বিএনপি ও জামায়াতের জোটগত শক্ত অবস্থানকে আরও দৃঢ় করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।












