বরেন্দ্রভূমির নেতৃত্বে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
- আপডেট সময় : ০১:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৩৬ বার পড়া হয়েছে
রাজশাহী ব্যুরো: তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সকালে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিনু।
দীর্ঘ দুই দশক পর রাজশাহী জেলার কোনো সংসদ সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। সর্বশেষ ২০০১ সালে বিএনপি সরকারের আমলে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। এরপর আওয়ামী লীগ টানা চার মেয়াদে ক্ষমতায় থাকলেও রাজশাহীর ছয়টি আসনের কোনো এমপি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাননি। তবে এ সময়ে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হন মিজানুর রহমান মিনু। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে ২৮ হাজার ১৭৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এটি তার দ্বিতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়া; এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে জয়ী হয়েছিলেন।
সংসদীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাপনায়ও মিনুর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ এবং পরবর্তীতে ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত একটানা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তার নেতৃত্বে রাজশাহী একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে পরিচিতি পায়।
ছাত্রদল থেকে রাজনৈতিক জীবন শুরু করা মিনু বিএনপির সাংগঠনিক কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভূমি মন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার পর রাজশাহীতে উৎসবের আমেজ বিরাজ করছে। খবরটি পাওয়ার পরপরই রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
দলীয় নেতারা মনে করছেন, প্রশাসনিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা বিবেচনায় তার হাতে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আশাবাদী, বরেন্দ্র অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও সাধারণ মানুষের ভূমি-অধিকার সুরক্ষায় মিজানুর রহমান মিনু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



















