রাজশাহীতে জনতার হাতে অবরুদ্ধ দুই র্যাব সদস্য
- আপডেট সময় : ০৪:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৩২ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে দুই র্যাব সদস্যকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। জানা গেছে, মাদক ব্যবসায়ীকে র্যাবের সোর্স পরিচয় দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এই ঘটনাটি ঘটায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর মাদকবিরোধী নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের আয়েজ বাজার এলাকায় গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মাদক ব্যবসা বন্ধে প্রচারণা চালান। এতে ক্ষিপ্ত হয় স্থানীয় দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আজিজুল ও খইবুর।
পরদিন (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আজিজুল র্যাব-৫ সদস্য আলামিন ও হারুনকে ফোনে ডেকে আনেন। তারা এলাকায় এসে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হুমকি দিয়ে বলেন, “আজিজুল আমাদের সোর্স, তাকে কেউ কিছু বললে ভালো হবে না।” এতে উত্তেজিত জনতা ওই দুই র্যাব সদস্যকে আটক করে স্থানীয় বিএনপি কার্যালয়ে নিয়ে যায়।
খবর পেয়ে মোহনপুর থানার জরুরি অফিসার এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। পরে ওসি এস.এম. মঈনুদ্দীন, এসআই মোদাস্সের খান ও এসআই ইয়ামিন আলীসহ পুলিশের একটি দল এবং র্যাব-৫ অফিসারসহ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। র্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ক্ষুব্ধ জনতা অভিযোগ করে বলেন, অভিযুক্ত দুই র্যাব সদস্য নিয়মিত আয়েজ বাজারে এসে মাদক ব্যবসায়ী আজিজুলের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন। তার মাধ্যমেই তারা এলাকায় অনৈতিক লেনদেন চালিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেন তারা।
এ বিষয়ে মোহনপুর থানার ওসি এস.এম. মঈনুদ্দীন বলেন, “র্যাব সদস্যদের উদ্ধার করা হয়েছে। জনগণের দাবি যৌক্তিক—মাদক ব্যবসায়ী আজিজুলকে খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে।”
র্যাব-৫ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, “ঘটনাটি সামান্য ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। র্যাব সদস্যদের বিরুদ্ধে কোনো গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি রাতে আয়েজ বাজার সংলগ্ন ধোপাঘাটা এলাকায় কট সেবনে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়। এর আগে একই এলাকায় আরও চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।


















