ঈদের ছুটিতে এলাকায় রোগী দেখলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন
- আপডেট সময় : ১২:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ৫৫৬ বার পড়া হয়েছে
মোঃ নয়ন মিয়া,দিনাজপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।
জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে মন্ত্রীর পূর্ব পুরুষদের বসতবাড়ি রয়েছে। ঈদের সময় তিনি সেখানেই অবস্থান করেন। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি রোগী দেখেন। পরদিন সোমবার সকাল ১০টা থেকে আবারও চিকিৎসাসেবা প্রদান শুরু করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, সকাল থেকেই তার বাড়ির সামনে রোগীদের ভিড় জমতে থাকে। বিভিন্ন বয়সী মানুষ সর্দি-কাশি, জ্বরসহ নানা সাধারণ রোগের পাশাপাশি জটিল সমস্যাও নিয়ে তার কাছে আসেন। এর মধ্যে ক্যান্সার, হৃদরোগ, ইউরোলজি ও নিউরোলজির রোগীরাও ছিলেন।
তিনি বলেন, গ্রামের মানুষ সহজভাবে তাদের সমস্যার কথা তুলে ধরেন। রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। কোথায় গিয়ে উন্নত চিকিৎসা নিতে হবে এবং কী ধরনের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন, সে বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করা হয়।
ঈদের ছুটিতে নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়াতে পেরে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের আস্থা বাড়ায় এবং চিকিৎসাসেবা সহজলভ্য করতে সহায়তা করে।
উল্লেখ্য, ডা. এ জেড এম জাহিদ হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নির্বাচনী এলাকা বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত।






















