ভ্যানে লুকিয়ে গাঁজা বহন, তানোরে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী
- আপডেট সময় : ১২:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ৫০৭ বার পড়া হয়েছে
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানে অভিনব কৌশলে গাঁজা বহনের সময় মো. এমদাদুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্ণপুর গ্রামের পাঠাকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এমদাদুল তানোর উপজেলার একান্নপুর গোয়ালপাড়া গ্রামের মো. এজাবুলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল জানতে পারে যে ব্যাটারিচালিত ভ্যানে করে মাদকের একটি চালান পরিবহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে তানোর থানাধীন মুন্ডুমালা-তানোর সড়কের পাঠাকাটা মোড়ে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় সন্দেহভাজন একটি ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানের সিট কভারের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক বিক্রির নগদ ৭০০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত ভ্যানটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ ও বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যেই তিনি বহন করছিলেন।
এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

















