রাজশাহীর বাঘায় গণহত্যা দিবস পালিত
- আপডেট সময় : ০১:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ৫৬১ বার পড়া হয়েছে
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত নৃশংস গণহত্যার স্মরণে রাজশাহীর বাঘা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার এবং সঞ্চালনা করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সাংবাদিক লতিফ মিয়া, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালিয়ে ইতিহাসের জঘন্যতম গণহত্যা সংঘটিত করে। অসংখ্য নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, যা বিশ্ব ইতিহাসে এক ভয়াবহ দৃষ্টান্ত।
তারা আরও বলেন, জাতির এই মর্মান্তিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


















