র্যাবের অভিযানে ১৩৬ কেজি গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার দম্পতি
- আপডেট সময় : ০৩:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ৫১৬ বার পড়া হয়েছে
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর সন্তোষপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মজিবুর রহমান বকুল (৪৭) ও তার স্ত্রী মোসাঃ সম্পা খাতুন (২৮)। তারা উভয়েই রাজশাহীর পবা উপজেলার তুরাপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে মহানন্দাখালী এলাকায় বসবাস করছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল শাহমখদুম থানাধীন সন্তোষপুর গ্রামের সামসুল আলমের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় তল্লাশিকালে বাসাটি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়।
তবে অভিযানের সময় বাড়ির ভাড়াটিয়া সামসুল আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দম্পতি স্বীকার করেছেন, তারা পলাতক আসামির সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা ও হেরোইন সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।


















