মোহনপুরে ভেকু চাপা দিয়ে কৃষক হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়াকে কেন্দ্র করে কৃষক আহমেদ জোবায়ের (২৩) হত্যার মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন (৩৩) ও রুবেল হোসেন (৩৮)। এর মধ্যে মোনারুল মামলার ১ নম্বর এবং রুবেল ৩ নম্বর আসামি।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে একই মামলায় অভিযুক্ত এবং কথিত পুকুর খনন চক্রের অন্যতম হোতা বিপ্লব হোসেন (৫২)-কে গত বছরের ৩১ ডিসেম্বর রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে র্যাব-৫ সদর কোম্পানি ও র্যাব-১০-এর ফরিদপুর সিপিসি-৩ যৌথভাবে অংশ নেয়।
র্যাবের তথ্যমতে, বিপ্লব হোসেন রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা এবং এলাকায় অবৈধ পুকুর খনন চক্রের সঙ্গে জড়িত বলে পরিচিত।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের একটি বিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিপ্লব হোসেনের সহযোগিতায় স্থানীয় এক রাজনৈতিক নেতার নেতৃত্বে কৃষিজমিতে জোরপূর্বক পুকুর খননের কাজ শুরু হয়। বিষয়টি জানতে পেরে জমির মালিকসহ স্থানীয় কৃষকেরা বাধা দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে কৃষক আহমেদ জোবায়েরকে ভেকু দিয়ে চাপা দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ ডিসেম্বর মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। ঘটনার দিন রাতেই স্থানীয়রা এক্সকাভেটর চালক আবদুল হামিদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



















