কৃষি উৎপাদন ঘিরে শিল্প গড়লে বদলাবে রাজশাহীর অর্থনীতি
- আপডেট সময় : ১১:৪০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি:উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে শিল্পায়নের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, রাজশাহী অঞ্চলের কৃষি উৎপাদনকে কেন্দ্র করে শিল্প প্রতিষ্ঠা করা গেলে আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা ও জনপ্রতিনিধিরা উত্তরাঞ্চলের শিল্পোন্নয়নের প্রধান বাধা হিসেবে গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, গ্যাসের অভাবে সম্ভাবনাময় শিল্পখাত স্থবির হয়ে আছে, নতুন বিনিয়োগ আসছে না এবং প্রস্তুত প্রকল্প চালু করা যাচ্ছে না। এতে কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক অর্থনীতির বিকাশ ব্যাহত হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, বিসিক-২ প্রকল্প প্রস্তুত থাকলেও গ্যাস সংযোগ না থাকায় তা চালু করা যাচ্ছে না। দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করা গেলে শিল্পায়নের গতি বাড়বে।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, অঞ্চলের উন্নয়নে শিল্প ও কৃষি—দুই খাতকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। তিনি উল্লেখ করেন, কৃষিভিত্তিক শিল্প স্থাপনের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং প্রয়োজনীয় অবকাঠামো ও জ্বালানি সুবিধা নিশ্চিত করা গেলে টেকসই অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব।
নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ বলেন, বিসিক এলাকায় গ্যাস সংযোগ না থাকায় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না। নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিউর রহমান বলেন, গ্যাস সরবরাহ নিশ্চিত হলে চামড়া শিল্প স্বনির্ভর হয়ে উঠতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, গ্যাস সংকটের পাশাপাশি পর্যাপ্ত হিমাগারের অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ আম নষ্ট হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর বলেন, সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। রাজশাহী অঞ্চলের কৃষিতে বিপুল সম্ভাবনা রয়েছে এবং উদ্বৃত্ত উৎপাদনকে কাজে লাগিয়ে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই সুষম উন্নয়ন সম্ভব এবং উত্তরাঞ্চলকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার কাজ করছে।
রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তারা অংশ নেন।
এর আগে সকালে দুই উপদেষ্টা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-এর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা পদ্মা নদীর পাড়, কৃষি কার্যক্রম এবং সৌরচালিত সেচ ব্যবস্থা ঘুরে দেখেন।













