ব্যালট পৌঁছেছে কেন্দ্রে কেন্দ্রে, রাজশাহীতে সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
- আপডেট সময় : ১০:০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫১১ বার পড়া হয়েছে
রাজশাহী ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি) ও জেলা প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ব্যালট পেপার পাঠানোসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন কার্যক্রম শেষ করেছে প্রশাসন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৯২ হাজার ২১৯ জন। ছয়টি আসনে ৭৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনভিত্তিক ভোটার সংখ্যা হলো—রাজশাহী-১: ৪,৬৮,৭৮০; রাজশাহী-২: ৩,৬৯,৫৬৪; রাজশাহী-৩: ৪,২৩,৭৩৮; রাজশাহী-৪: ৩,১৯,৯০৯; রাজশাহী-৫: ৩,৫৩,১৭৪ এবং রাজশাহী-৬: ৩,৫৭,০৫৩ জন।
জেলার ছয়টি আসনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে একজন নারী প্রার্থী স্বতন্ত্রভাবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াই করছেন।
মোহনপুরে নিরাপত্তা জোরদার রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলায় ভোট গ্রহণকে ঘিরে প্রশাসনিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে আনসার ও পুলিশ সদস্যদের নির্বাচনসংক্রান্ত নির্দেশনা প্রদান করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
মোহনপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৫৬১ জন। এর মধ্যে নারী ভোটার ৭৫ হাজার ৭৮২ জন এবং পুরুষ ভোটার ৭৪ হাজার ৭৭৯ জন। উপজেলায় মোট ৪৭টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ২৮টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। ভোট পরিচালনার জন্য দায়িত্ব পালন করবেন ৪৭ জন প্রিজাইডিং অফিসার, ২৯০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৮০ জন পোলিং অফিসার।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাজিব হোসেন রাজু জানান, ৪৭টি কেন্দ্রে মোট ৬২১ জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে অস্ত্রধারী আনসার (পুরুষ) ১৩৯ জন, লাঠিধারী আনসার (পুরুষ) ২৮৪ জন এবং মহিলা আনসার ১৮৮ জন। এছাড়া ১৬ জন সশস্ত্র ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং টিমে থাকবেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, “প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে। ১৬৬ জন অস্ত্রধারী পুলিশ সদস্য, পাঁচটি মোবাইল পার্টি, একটি স্ট্রাইকিং টিম, সেনাবাহিনীর পাঁচটি মোবাইল টিম, বিজিবির চারটি টিম ও একাধিক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।” এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও সক্রিয় থাকবেন বলে জানান তিনি।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির মধ্য দিয়ে রাজশাহীতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।










