ঐতিহ্য ফিরিয়ে আধুনিক পুলিশ গঠনে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ৫১২ বার পড়া হয়েছে
মোঃ শাহীন সাগর, রাজশাহী: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। পুলিশের ইউনিফর্ম নিয়েও সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং বাহিনীর ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি উপযুক্ত পোশাক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
২৮ মার্চ (শনিবার) রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্ব অতিক্রম করছে। এ সময়ে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব আরও বেড়েছে। তিনি সততা, দক্ষতা, পেশাদারিত্ব এবং মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আইনের চোখে সবাই সমান—সাধারণ কৃষক থেকে রাজনৈতিক কর্মী, সকলের ক্ষেত্রেই আইন সমভাবে প্রয়োগ করতে হবে। একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর শক্তি নিহিত থাকে চেইন অব কমান্ড, আনুগত্য, সমন্বয় এবং নেতৃত্বের মধ্যে।

মন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবের ঊর্ধ্বে রেখে একটি আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে জনবল বৃদ্ধি এবং কাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলমান রয়েছে, যার লক্ষ্য হবে বাহিনীর পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় করা।
বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদ, স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এর আগে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ৭২ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উত্তীর্ণদের মধ্যে নারী ক্যাডার ৬ জন এবং পুরুষ ক্যাডার ৬৬ জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং নবীন কর্মকর্তাদের পরিবার-পরিজন।
এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন একদল মেধাবী ও প্রশিক্ষিত কর্মকর্তা যুক্ত হলো, যারা ভবিষ্যতে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।






















