বায়া সরকারি শিশু সদনে ক্রীড়া–সাংস্কৃতিক উৎসবে তরুণদের উচ্ছ্বাস
- আপডেট সময় : ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ৫১৬ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: “খেলাধুলায় গড়বো দেশ, তারুণ্যের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬।
বুধবার সকাল ৯টায় পবা উপজেলার বায়া সরকারি শিশু সদনে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণ সমাজকে যেমন মাদক থেকে দূরে রাখে, তেমনি তাদের শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা গড়ে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, উপ-মহাপুলিশ মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
দিনব্যাপী আয়োজনে রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা ও সমাজসেবা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন।










