রাজশাহীতে লাইসেন্সবিহীন বেকারিকে জরিমানা
- আপডেট সময় : ০৮:০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৫১৪ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় একটি বেকারিকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে নগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করার অভিযোগে নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মেসার্স ন্যাশনাল বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল বলেও জানানো হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।















