রাজশাহীতে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা ৬৫ হাজার
- আপডেট সময় : ০৪:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৬৭৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরে পরিবেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল)। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মোড়কীকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মাসুদুল হকের নির্দেশনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে সামারি ট্রায়াল পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ।
অভিযানকালে সাহেববাজার এলাকার ‘বিশাল কনফেকশনারি’-তে গিয়ে দেখা যায়, সেখানে লাচ্ছা সেমাই খোলা অবস্থায় বিক্রি করা হচ্ছে। প্যাকেটের গায়ে কোনো মোড়কীকরণ লেবেল বা মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ ছিল না। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এরপর বিসিক শিল্প এলাকায় ‘রাতুল বেকারি’-তে অভিযান চালানো হয়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সেমাই খোলা রাখা এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে বেকারিটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।
এদিন সপুরা এলাকার গোলগফুর পেট্রোল পাম্প ও সপুরা সিল্কেও তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে আদালতের নাজির সোহেল রানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিবেশ আইন যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে এ ধরনের সামারি ট্রায়াল বা ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

















