রিটনের নেতৃত্বে রাজশাহীর উন্নয়ন প্রত্যাশা: ভূমিমন্ত্রী মিনু
- আপডেট সময় : ০৪:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ৫৭০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার (১৪ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মাহফুজুর রহমান রিটনকে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, “রিটন অত্যন্ত স্নেহভাজন ও দক্ষ সংগঠক। আমি আশা করি, তার নেতৃত্বে রাজশাহী মহানগরীকে আরও সুন্দর, সমৃদ্ধ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”
মিনু আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে রিটনের প্রতি তার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি রিটনের সফলতা, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
প্রসঙ্গত, শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহীসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্যান্য সিটি কর্পোরেশনগুলো হলো বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।
মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


















