রাজশাহীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার দাফন
- আপডেট সময় : ০৭:৫৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৫১৫ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় পবার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে তাকে দারুশা এলাকার সরিষাকুড়ি কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের উপস্থিতিতে কর্ণহার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি শফিকুল হক মিলন বলেন, বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা ছিলেন একজন সাহসী যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
জানাজায় নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, সোহেল রানা, আব্দুস সালাম মাস্টার, সাবেক যুবদল নেতা মাজদার রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















