মোহনপুরে সাব্বির হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- আপডেট সময় : ১০:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / ৯৫৯ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ মার্চ ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামের দিঘির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। তিনি উপজেলার বেড়াবাড়ী এলাকার বাসিন্দা ও মৃত আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত সাব্বিরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা মোছা. সাবিনা বেগম বাদী হয়ে সোমবার (২৩ মার্চ) মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বেড়াবাড়ী এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেন খাঁনের ছেলে মো. মঞ্জুর হোসেন খান (৩৮), একই গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে তাসমীর আহম্মেদ রুম্মান (২৯), খয়রা দক্ষিণপাড়া গ্রামের সাদেক আলী সরদারের ছেলে নাজমুল হোসেন সোহান (২৮)সহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
এদিকে, সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে জেলা ডিবি পুলিশের সহায়তায় মোহনপুর থানা পুলিশ উপজেলার বিদিরপুর ফকিরপাড়া হতে প্রধান আসামি মুন্জুর হোসেনকে আটক করেছে।
মোহনপুর থানার সাব-ইন্সপেক্টর মো. মোদাচ্ছের হোসেন খাঁন জানান, অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এবিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান জানান, হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ঘটনার পর নিহতের পরিবারের খোঁজখবর নিতে মোহনপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ ও মৌগাছি ইউপি সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল ও সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ নেতৃবৃন্দ তাদের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে বেড়াবাড়ী গ্রামে জানাজা শেষে সামাজিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

















