ট্রাক উল্টে ৭ শ্রমিকের মৃত্যু, সংসদ সদস্যের আর্থিক অনুদান
- আপডেট সময় : ০৫:০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ৫১৩ বার পড়া হয়েছে
মোঃ নয়ন মিয়া, দিনাজপুর প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ কৃষি শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তা দেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে মন্ত্রীর পক্ষে তাঁর ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার নিহতদের বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
জানা গেছে, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চালবোঝাই ট্রাকে করে ১৩ জন শ্রমিক ধান কাটার কাজে যাচ্ছিলেন। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং অন্তত ৬ জন আহত হন। স্বল্প ভাড়ায় ঝুঁকিপূর্ণভাবে ট্রাকে যাত্রা করছিলেন এসব শ্রমিক।
নিহতদের মধ্যে চারজন বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের নিশিবাপুর (ভাইগড়) গ্রামের বাসিন্দা এবং তিনজন নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের বাসিন্দা। একই গ্রামের একাধিক ব্যক্তির মৃত্যুতে দুই এলাকায়ই শোকের ছায়া নেমে এসেছে।
অকালেই উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে নিহতদের পরিবারগুলোতে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। স্বজন হারানোর বেদনার পাশাপাশি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ভবিষ্যতেও থাকা হবে এবং সরকারি অন্যান্য সহায়তাও পর্যায়ক্রমে প্রদান করা হবে।





















