চাঁদপুরের খুদে ফুটবল প্রতিভা সোহান বিকেএসপিতে ভর্তি হচ্ছে
- আপডেট সময় : ০৬:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৬৩২ বার পড়া হয়েছে
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের প্রতিভাবান খুদে ফুটবলার সোহান প্রধানিয়া (৬) এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-তে পড়াশোনা ও প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। তাকে পূর্ণ বৃত্তির (স্কলারশিপ) আওতায় বিকেএসপিতে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
আসিফ মাহমুদ সজীব জানান, চাঁদপুরের ফুটবল প্রতিভা সোহানকে বিকেএসপিতে ভর্তি করিয়ে ভবিষ্যৎ তারকা ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে। খবরটি ছড়িয়ে পড়লে সোহানের পরিবার ও পুরো এলাকাজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়।
মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের সাইকেল মেকানিক সোহেল প্রধানিয়ার একমাত্র সন্তান সোহান বর্তমানে স্থানীয় পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। মাত্র তিন বছর বয়স থেকেই বাবার সঙ্গে মাঠে ফুটবল অনুশীলন শুরু করে সে।
স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই ফুটবলে অসাধারণ প্রতিভা দেখিয়ে আলোচনায় আসে সোহান। তার খেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ফুটবলপ্রেমীরা তাকে দেখতে আসেন, কেউ জার্সি বা ফুটবল উপহার দেন। এমনকি জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও সোহানের সঙ্গে দেখা করে তাকে খেলাধুলা ও পড়াশোনায় সহায়তার আশ্বাস দেন।
বিকেএসপিতে ভর্তির খবর পেয়ে উচ্ছ্বসিত সোহানের বাবা সোহেল প্রধানিয়া বলেন, “আমি আমার ছেলেকে দেশের জন্য উৎসর্গ করলাম। আল্লাহ যেন ওর স্বপ্ন পূরণ করেন।”
ছোট্ট সোহানের স্বপ্ন—“আমি বড় হয়ে মেসির মতো ফুটবলার হতে চাই।”
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুমা মনি বলেন, “খুদে ফুটবলার সোহানের প্রতিভা সত্যিই অনন্য। বিকেএসপিতে ভর্তির আনুষ্ঠানিক নির্দেশনা এখনো না পেলেও প্রশাসনের পক্ষ থেকেও তাকে সহায়তা করা হবে।”










