ধানক্ষেত থেকে লাশ উদ্ধার, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যাকাণ্ড
বাগমারায় কৃষকের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- আপডেট সময় : ০৪:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ৫১২ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার রামপুর এলাকা থেকে মাহবুর (৪৫) নামে এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহবুর উপজেলার হাট-মাধনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রামপুর এলাকার একটি কৃষি জমিতে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বাগমারা থানার পুলিশ জানায়, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যার কারণ এবং কারা এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। হত্যার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
এদিকে সকালে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।











