রাজশাহীতে পাকিস্তানি পোশাকের নামে প্রতারণা, শোরুমে ভোক্তা অধিকারের জরিমানা
- আপডেট সময় : ০৬:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৫১০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে মূল্যতালিকায় কাটাকাটি এবং পাকিস্তানি পোশাকের নামে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে একটি পোশাকের শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উদ্বোধনের একদিন পরই এ অভিযান পরিচালিত হয়।
রোববার দুপুরে রাজশাহীর সপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ারর্স’ নামের শোরুমে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মো. ইব্রাহীম।
অভিযানকালে পণ্যের আমদানির সঠিক তথ্য প্রদর্শন না করা এবং মূল্যতালিকায় বারবার কাটাকাটি করে অধিক দামে বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপপরিচালক মো. ইব্রাহীম বলেন, “শুক্রবার শোরুমটির উদ্বোধন হয়। তারা বিজ্ঞাপনে পাকিস্তানি পোশাকের কথা উল্লেখ করলেও কোনো প্রমাণ দেখাতে পারেনি। ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তবে শোরুম কর্তৃপক্ষ দাবি করেছে, তারা কোনো বিজ্ঞাপন দেয়নি। উদ্বোধনের দিন কিছু ক্রেতা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন, এতে ভুল বোঝাবুঝি হয়েছে বলেও জানায় তারা।









