রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৫৯৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
রোববার বেলা ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের সামনে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবার রাতে শিরোইল কাঁচাবাজার এলাকায় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও হামলার সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত নূর ইসলাম মিলন ও সুরুজ আলীসহ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বরেন্দ্র প্রেসক্লাবের উপদেষ্টা কাজী শাহেদ, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, দৈনিক খোলা কাগজের রাজশাহী প্রতিনিধি মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন, বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন সাগরসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।










