রাসিক প্রশাসক মনোনীত: রিটনকে বরেন্দ্র প্রেসক্লাবের অভিনন্দন
- আপডেট সময় : ০৩:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ৫৭৪ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।
শনিবার (১৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, মাহফুজুর রহমান রিটনের মতো একজন দক্ষ ও জনবান্ধব নেতাকে রাসিকের প্রশাসক হিসেবে মনোনীত করা সময়োপযোগী সিদ্ধান্ত। তাঁর নেতৃত্বে শিক্ষা ও রেশম নগরী রাজশাহী আরও আধুনিক, উন্নত ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, নতুন প্রশাসক হিসেবে তিনি নগরবাসীর সেবা নিশ্চিত করা, সিটি কর্পোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়ন এবং নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিবৃতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সদস্যরা মাহফুজুর রহমান রিটনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি রাজশাহীর উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীরা সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে মাহফুজুর রহমান রিটন বলেন, নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে রাজশাহী নগরীর উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো, ইনশাআল্লাহ।”


















