রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্ন কর্মীকে ঈদ উপহার
- আপডেট সময় : ০৩:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ৫০৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্ন কর্মীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিকের ১,২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এবারই প্রথমবারের মতো রাসিকের পরিচ্ছন্ন কর্মীরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে যারা নিরলস পরিশ্রম করেন, তাদের সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীর কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছেন তিনি।
তিনি আরও বলেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে। নাগরিক সেবার মানোন্নয়নে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন। এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিক সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন পরিচ্ছন্ন কর্মীরা। তারা জানান, এ অনুদান ঈদের ব্যয় নির্বাহে সহায়ক হবে এবং তাদের কাজে নতুন উদ্দীপনা যোগাবে।



















