রাসিকে সেবার গতি বাড়াতে সময়মতো উপস্থিতির নির্দেশ মাঠে প্রশাসক রিটন
- আপডেট সময় : ০৯:০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এবং বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এ নির্দেশনা দেন।
রাসিক প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত হন এবং দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। আপনারাও সময়মতো অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করবেন।”

তিনি আরও বলেন, “সিটি কর্পোরেশন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। এখানে ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয়ের কোনো স্থান নেই। সবাই রাষ্ট্রের কর্মচারী হিসেবে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” রাজশাহীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নাগরিক সেবা বিঘ্নিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রশাসক।
সকাল ৮টা ৪৫ মিনিটে নগর ভবনে এসে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন প্রথম তলা থেকে দশম তলা পর্যন্ত বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর, সচিব দপ্তর, প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, স্বাস্থ্য বিভাগ, হিসাব বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেন রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ এবং বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















