লালপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, বাড়িতে ঢুকে নিহত ৩
- আপডেট সময় : ০১:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ৫১০ বার পড়া হয়েছে
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি বালুবাহী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়লে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম (৫০), বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়া গ্রামের মনির হোসেন (২৭) এবং একই এলাকার বাবুল আলী (৪০)। আহতরা হলেন রাজিবুল ইসলাম (২৬), রাব্বি (২৫), মজনু (৩৫) ও মিঠুন (৩০)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি বাড়ির দেয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারঘাট এলাকায় মনির হোসেন মারা যান। হাসপাতালে নেওয়ার পর বাবুল আলীর মৃত্যু হয়।
আহত রাজিবুল ইসলাম জানান, তারা পেঁয়াজ তোলার কাজে অটোরিকশাযোগে ফরিদপুর যাচ্ছিলেন। নবীনগর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িকে চাপা দেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

















