মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে আতঙ্ক
- আপডেট সময় : ০৭:১৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ৭৬৬ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর একাধিক দফা হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত এক নারী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী কৃষক মো. জয়নাল আবেদীন জানান, গত ১০ ডিসেম্বর সকালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী রিফাত, রজিনা ও তাদের সহযোগীরা তার ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। স্ত্রীকে বাঁচাতে গেলে মোছা. সাবিনাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেওয়া হয়।
এ ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে মোহনপুর থানায় মামলা করেন (মামলা নং ০৬, তারিখ ১০/১২/২০২৫)। পরে জামিনে থাকা আসামিরা ১৫ ডিসেম্বর রাতেও তার বাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায় বলে অভিযোগ।
মামলার তদন্ত কর্মকর্তা মুকুল চন্দ্র জানান, প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, বাকিরা জামিনে আছেন। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তায় পুলিশ নজর রাখছে।











