চাঁদা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদার খুন, যুবক আটক
- আপডেট সময় : ০৫:১৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / ৫১৬ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে ঢুকে নেশার জন্য চাঁদার টাকা দাবি করে। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মাইনুল তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে জুয়েলের বুকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, “স্থানীয়রা আসামিকে বেঁধে রেখেছিল। তাকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে।















