রাজশাহীর পাঁচ আসনের ব্যালট পেপার পৌঁছেছে উপজেলা পর্যায়ে
- আপডেট সময় : ০২:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫১৭ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পাঁচটি আসনের ব্যালট পেপার উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার নয়টি উপজেলায় ধাপে ধাপে ব্যালট পৌঁছে দেওয়া হয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি ব্যালট পরিবহনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। পুরো প্রক্রিয়াজুড়ে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই জেলার সব উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর সেগুলো নির্ধারিত স্ট্রংরুমে সংরক্ষণ করা হয়েছে।”
তিনি আরও জানান, আগামী ১১ ফেব্রুয়ারি উপজেলা থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ব্যালটসহ অন্যান্য ভোটগ্রহণ সামগ্রী পাঠানো হবে। তবে রাজশাহী–২ (সদর) আসনের ব্যালট পেপার ওই দিন মাদরাসা মাঠ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হবে।
রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, “ব্যালট পরিবহন ও সংরক্ষণের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ২২ লাখ ৬৯ হাজার। জাতীয় নির্বাচনের ব্যালটের পাশাপাশি সমসংখ্যক গণভোটের ব্যালটও উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।









