মোহনপুরে তরুণদের মিলনমেলা, শুরু হলো এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট
- আপডেট সময় : ০৬:৪৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাবেক-বর্তমান বিভাজন না রেখে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের যুবসমাজকে আধুনিক ও কর্মমুখী জনশক্তিতে রূপান্তর করা জরুরি। খেলাধুলা, সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক চর্চা তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুস্থ ও সবল প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই। মাঠে অংশগ্রহণের মাধ্যমে তরুণরা শারীরিক ও মানসিকভাবে বিকশিত হতে পারে। পরে প্রধান অতিথি খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রতীকী ব্যাটিংয়ের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বিদ্যালয়ের ২০২২ ও ২০২৪ ব্যাচের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, কেশরহাট বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কুশবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম লিমন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





















