রাজশাহীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার,ছাত্রদল নেতাকে কারণ দর্শানো নোটিশ
- আপডেট সময় : ০২:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৬২০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ছাত্রদলের এক নেতাকে কেন বহিষ্কার করা হবে না, এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রাজশাহী নগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে রাজশাহী নগরের মতিহার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাদাৎ মো. সায়েম ওরফে মিলনকে তাঁর পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। তাঁর কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয় এ বিজ্ঞপ্তিতে।
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রদলের সাবেক আহ্বায়ক আহম্মেদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে কেন বহিষ্কার করা হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির কাছে লিখিত আকারে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্যসচিব মামুন অর রশীদের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।










