“সাংবাদিকতা সমাজের বিবেক”—সংবর্ধনায় ইউএনও ফয়সাল আহমেদ
- আপডেট সময় : ০৩:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ৭৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকো পার্কে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সাংবাদিক জনকণ্ঠের গোদাগাড়ী প্রতিনিধি অলিউল্লাহ ও উপচার পত্রিকার মফস্বল সম্পাদক সারোয়ার সবুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন “সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। সমাজের ভালো-মন্দ, অন্যায়-অবিচার, উন্নয়ন ও অগ্রগতি—সব কিছুই সাংবাদিকের কলমে প্রতিফলিত হয়। তাই সাংবাদিকদের কাজ হতে হবে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক। প্রশাসন সর্বদা দায়িত্বশীল সাংবাদিকদের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ঐক্যের প্রতীক। আপনারা এই ঐক্য ধরে রেখে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। বরেন্দ্র প্রেসক্লাব ইতোমধ্যে উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রেখেছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আশরাফ মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম এবং রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু।
তাঁরা বলেন—“সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করলে জনগণের আস্থা অর্জন করা যায়। বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করছেন না, বরং প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক দায়িত্বও পালন করছেন।”
বিশেষ অতিথি হজরত আলী বলেন—
“বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহীসহ উত্তরাঞ্চলের সাংবাদিকদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তারা ইতিমধ্যে আস্থা অর্জন করেছে। আগামী দিনে এই ক্লাব হবে ন্যায়ের, সত্যের ও জনগণের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবু কাওসার মাখন, লিয়াকত হোসেন, আল আমিন হোসেন ও শাহিনুর রহমান সোনা।
নবনির্বাচিত কমিটির মধ্যে ছিলেন সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আক্তার হোসেন হিরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেন।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় সাংবাদিক, অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে মতবিনিময় করেন।










