জয়পুরহাটে মিথ্যা যৌতুক মামলার দায়ে বাদীকে দণ্ড: ৫ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড
- আপডেট সময় : ০৩:৩৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৯৪৭ বার পড়া হয়েছে
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক আরিফুল ইসলাম আজ (০৭ আগস্ট ২০২৫) একটি যৌতুক মামলায় মিথ্যা তথ্য দেওয়ার দায়ে বাদী নুদার সুলতানা লিজাকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
আদালত সূত্রে জানা যায়, সি.আর. মামলা নং ৩৮/২১ -এ বাদী লিজা অভিযোগ করেছিলেন, তার স্বামী মাহফুজুর রহমান ১০ লাখ টাকা যৌতুকের জন্য তাকে বাড়ি থেকে বের করে দেন এবং সালিশ বৈঠকেও পুনরায় যৌতুক দাবি করেন। কিন্তু মামলার সাক্ষ্যপ্রমাণে উঠে আসে ভিন্ন চিত্র।
আসামী পক্ষের উপস্থাপিত তথ্য ও নথিপত্রে দেখা যায়, আসামী মাহফুজুর রহমান বৈবাহিক সম্পর্ক রক্ষায় যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন। এমনকি ১০০ ধারায় আদালতের শরণাপন্ন হয়ে স্ত্রীকে নিতে চেয়েছিলেন, কিন্তু লিজা স্বেচ্ছায় তার বাবার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন এবং আপোষ বৈঠকেও হাজির হননি।
পরবর্তীতে তালাক প্রদানের তারিখের পর মামলা করা হয়, যা বাদীর পিতা জেরা চলাকালীন স্বীকার করেন। এসব তথ্য বিশ্লেষণে আদালত মামলাটি মিথ্যা বিবেচনায় খারিজ করে আসামিকে খালাস দেন এবং বাদীকে দণ্ডিত করেন।











