খাবারের মান নিয়ে অভিযোগ, বাগমারায় অসুস্থ মুক্তিযোদ্ধা-সাংবাদিক
- আপডেট সময় : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ৫১০ বার পড়া হয়েছে
রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারা উপজেলা-এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত খাবার খেয়ে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবেশিত ওই খাবারে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অংশগ্রহণকারীদের কয়েকজন জানান, খাবার গ্রহণের কিছু সময় পর থেকেই তাদের মধ্যে পেটব্যথা, পেটে মুচড়ানো এবং পরবর্তীতে পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দেয়। বিকেল থেকে রাতের মধ্যে আরও কয়েকজন একই ধরনের সমস্যায় আক্রান্ত হন।
খোঁজ নিয়ে জানা যায়, পরিবেশিত খাবারের মেনুতে ছিল সাদা বিরিয়ানি, মাংস, ডিম ও বুটের ডাল। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, খাবারের কোনো কোনো অংশ নষ্ট বা বাসি হতে পারে। বিশেষ করে বুটের ডালের মান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার বলেন, “খাবার কিছুটা বাসি মনে হয়েছে। বিশেষ করে বুটের ডাল টক ছিল।”
সাংবাদিক ইউসুফ আলী সরকার বলেন, “খাবার খাওয়ার পর থেকেই অসুস্থতা অনুভব করছি। বারবার পাতলা পায়খানা হচ্ছে।”
তবে আরেক সাংবাদিক শামীম আহম্মেদ বলেন, রোজার পর হঠাৎ ভারী খাবার গ্রহণের কারণেও এ ধরনের সমস্যা হতে পারে—এটি নিশ্চিতভাবে খাবারের কারণে হয়েছে কি না, তা বলা যাচ্ছে না।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এ ধরনের উপসর্গ সাধারণত খাদ্যে বিষক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে নমুনা পরীক্ষা প্রয়োজন।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি আয়োজনে পরিবেশিত খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে।
তবে অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।




















