চারঘাটে ১৫০০ ইয়াবাসহ ডিবি’র হাতে নারী আটক
- আপডেট সময় : ০৭:২১:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ৫০৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার স্বামী ও সহযোগী কৌশলে পালিয়ে যান।
রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে চারঘাট থানার বালুদিয়ার গ্রামের নিজ বাড়ি থেকে মোছাঃ শাপলা খাতুন (২৯) নামে ওই নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ আলীর নেতৃত্বে একটি দল চারঘাট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ছিল। রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বালুদিয়ার গ্রামে একটি বাড়ির উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করেন। এ সময় নারী কনস্টেবলের সহায়তায় শাপলা খাতুনকে আটক করা হলেও তার স্বামী মোঃ রাসেল আলী (৩২) দৌড়ে পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার কোচড় থেকে সাদা পলিথিনে মোড়ানো ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। জব্দকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
এ ঘটনায় এসআই মোঃ নাসিম উদ্দিন বাদী হয়ে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ



















