অবৈধ তেল বিক্রি ও মজুদ: র্যাবের অভিযানে ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৪:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ৫০৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরের কর্ণহার থানা এলাকায় একটি ফিলিং স্টেশনে নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেল বিক্রি ও অবৈধ মজুদের অভিযোগে অভিযান চালিয়ে ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৫।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল কর্ণহার থানাধীন মেসার্স মতিউর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে ফিলিং স্টেশনটিতে নিয়মবহির্ভূতভাবে ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও মজুদের দায়ে আরও চারজনকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে রতন (৩৫) ৩০০ লিটার ডিজেল ক্রয়ের দায়ে ৩০ হাজার টাকা, আওয়াল হক (৭০) ৯৬০ লিটার ক্রয়ের দায়ে ৫ হাজার টাকা, রবিউল ইসলাম (৪০) ৫৫০ লিটার ক্রয়ের দায়ে ১ হাজার টাকা এবং সাধন (৪৫) ১০ লিটার পেট্রোল গোপনে মজুদের দায়ে ১ হাজার টাকা জরিমানা দেন।
অভিযানকালে ফিলিং স্টেশনের ভেতরে ৭৭ ড্রাম ভোজ্য তেল (প্রায় ১৪ টন) পাওয়া যায়। তবে ক্রয়সংক্রান্ত কাগজপত্র সঠিক থাকায় এবং অল্প সময়ের জন্য মজুদ করা হয়েছে বিবেচনায় মালিককে সতর্ক করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।
র্যাব জানিয়েছে, আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









